সরকারি খাল ভরাট: বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা, ড্রেজার অকেজো

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সরকারি খাল ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় এক বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানকালে সরকারি খাল ভরাটের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট বালু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি অবৈধ কার্যক্রমে ব্যবহৃত ড্রেজার মেশিনটি অকেজো করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শনে গিয়ে সরকারি খাল ভরাটের সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযুক্ত মোবারক পাটোয়ারীকে ঘটনাস্থল থেকে আটক করা হলে তিনি অপরাধ স্বীকার করেন।

পরে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর তফসিলভুক্ত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় মোবারক পাটোয়ারীকে ২ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে খাল ভরাটে ব্যবহৃত অভিযুক্তের পরিচালিত ড্রেজার মেশিনটি অকেজো করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে পরিবেশ ও সরকারি সম্পদ ধ্বংসের এ ধরনের কর্মকাণ্ড আর পরিচালনা করতে না পারে।

অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি। এ সময় তার সঙ্গে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি বলেন, ‌‌‌সরকারি খাল, নদী ও জলাশয় ভরাট করে পরিবেশের ক্ষতি এবং জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। পরিবেশ সংরক্ষণ ও সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

Recommended For You