মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে ৩৭৭ বাংলাদেশি আটক

বাংলা রিডার ডেস্ক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে ৩৭৭ বাংলাদেশিসহ মোট ৭৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের ব্যস্ত ও পর্যটনকেন্দ্রিক এলাকা বুকিত বিনতাংয়ে এই অভিযান পরিচালিত হয়।

আটকদের মধ্যে আছেন: বাংলাদেশি: ৩৭৭ জন, মিয়ানমার: ২৩৫ জন, নেপাল: ৭২ জন, ভারত: ৫৮ জন, ইন্দোনেশিয়া: ১৯ জন (পুরুষ ১৭, নারী ২), অন্যান্য দেশের: ৯ জন (পুরুষ ৩, নারী ৬)।

মালয়েশিয়ার ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রায় প্রতিদিনই অভিযান পরিচালনা করা হচ্ছে। বুকিত বিনতাং এলাকায় অবৈধ অভিবাসী ও তাদের সংশ্লিষ্ট অবৈধ কার্যকলাপ নিয়ে ব্যাপক অভিযোগ ছিল।

তিনি বলেন, “বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস, মেয়াদোত্তীর্ণ ভিসা ও ভিসার অপব্যবহার—এসব কারণে এদের আটক করা হয়েছে।”

অভিযানের সময় বেশ কয়েকজন প্রবাসী দোকানে এবং ছাদে লুকানোর চেষ্টা করেন, তবে পুরো এলাকা ঘিরে রাখায় সবাইকে আটক করা সম্ভব হয়।

অভিযানকালে একটি অবৈধ জুয়া কেন্দ্রও শনাক্ত করা হয়, যেখানে সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত নিরাপত্তাব্যবস্থা ছিল। ওই স্থান থেকে আরও ৮ জন বিদেশিকে জুয়ার সময় আটক করা হয়েছে।

আটকদের প্রাথমিক স্ক্রিনিং শেষে পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে।

তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ধারা ৬(৩), ১৫(৪) এবং প্রবিধান ৩৯(বি) অনুযায়ী তদন্ত চলছে।

বাসরি ওথমান জানিয়েছেন, অবৈধ অভিবাসন রোধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে, এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও নজরদারি বাড়ানো হবে যাতে তারা অনুমোদিত বিদেশি কর্মী কোটা অনুসরণ করে।

বিজ্ঞাপন

Recommended For You