এপ্রিলে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

বাংলা রিডার ডেস্ক
আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি সত্ত্বেও এপ্রিল মাসে দেশের বাজারে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকাতেই বিক্রি হবে—যা মার্চ মাসের দামেরই ধারাবাহিকতা।

এর আগে গত ১ ফেব্রুয়ারি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা কমানো হয়। তখন ডিজেল ১০২ টাকা থেকে ১০০ টাকায়, অকটেন ১২২ টাকা থেকে ১২০ টাকায়, পেট্রোল ১১৮ টাকা থেকে ১১৬ টাকায় এবং কেরোসিন ১১৪ টাকা থেকে ১১২ টাকায় নির্ধারণ করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুযায়ী প্রতি মাসে দাম নির্ধারণ করা হয়। সেই নির্দেশিকার আলোকে এপ্রিল মাসেও দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

তবে সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। বিশেষ করে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পর হরমুজ প্রণালীতে তেল পরিবহন ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।

এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পে জ্বালানি সংকটের চিত্র দেখা গেলেও সরকার বলছে, সরবরাহ ও মজুত পর্যাপ্ত রয়েছে। আতঙ্কে অতিরিক্ত কেনা ও অবৈধ মজুতের কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে।

সরকারি অভিযানে প্রতিদিনই অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধার করা হচ্ছে। বেশি দামের আশায় অসাধু চক্র তেল মজুত করছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে সরকার স্পষ্ট করেছে।

বিজ্ঞাপন

Recommended For You