
বাংলা রিডার ডেস্ক
বর্ষীয়ান রাজনীতিক, সমাজসেবক ও চাঁদপুর-৩ আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য জিএম ফজলুল হক চিরনিদ্রায় শায়িত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও চাঁদপুরের বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে পৃথক দুই দফা জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে বাবুরহাট বাজারের নিকটস্থ তাঁর নিজ বাড়ি ‘হক মহল’-সংলগ্ন মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
জনপ্রিয় এই রাজনীতিককে শেষবারের মতো দেখতে ও শ্রদ্ধা জানাতে জানাজায় শত শত মানুষের ঢল নামে। সকাল ১১টার পর বিপুল সংখ্যক মুসল্লি, দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে ইমামতি করেন বাবুরহাট জামে মসজিদের খতিব মুফতি ফারুক আহমেদ। এ সময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্বজনরা।
উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক (চাঁদপুর-৫), শেখ ফরিদ আহমেদ মানিক (চাঁদপুর-৩), আলহাজ এম এ হান্নান (চাঁদপুর-৪), চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিমসহ দলীয় নেতৃবৃন্দ। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তাঁর ছোট ছেলে ব্যারিস্টার জিকু।
জানাজাপূর্ব আলোচনা পর্ব পরিচালনা করেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম মেহেদী।



