
বাংলা রিডার ডেস্ক
দেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার কিছু পর সংসদের এই অধিবেশন শুরু হয়।
অধিবেশন শুরুর পর পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর বেলা সোয়া ১১টার দিকে বক্তব্য দিতে শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তবে অধিবেশন শুরুর সময় সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা ছিল। নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এছাড়া অধিবেশনের শুরুর বৈঠকে কে সভাপতিত্ব করবেন, সেটিও স্পষ্ট হয়নি।
আজকের অধিবেশনকে সামনে রেখে বুধবার সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা পৃথকভাবে সংসদীয় দলের বৈঠক করেন এবং দলীয় কৌশল নির্ধারণ করেন। ওই বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার দলের অবস্থান তুলে ধরে নোট অব ডিসেন্ট (আপত্তি) সহকারে জুলাই সনদ বাস্তবায়নের ইঙ্গিত দেন।
অন্যদিকে জামায়াত ও এনসিপির অবস্থান অনুযায়ী বিরোধীদলীয় সদস্যরা গণভোটে পাস হওয়া জুলাই সনদের হুবহু বাস্তবায়নের দাবি জানিয়েছেন। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কাঠামো, সংসদের উচ্চকক্ষ গঠন পদ্ধতি এবং কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে।



