প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার গঠনের এক মাস পূর্ণ হওয়ার আগেই নির্বাচনের সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করা হয়েছে। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানী এলাকার টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রতীকীভাবে ১৭টি পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ডের রেপ্লিকা তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জানান, প্রাথমিকভাবে কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকায় প্রায় ১৫ হাজার নারীকে ফ্যামিলি কার্ডের সুবিধার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রায় ৪ কোটি পরিবারের কাছে এই কর্মসূচি পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান-সহ মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার একটি জবাবদিহিমূলক ও দায়িত্বশীল প্রশাসন গড়ে তুলতে চায়। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।

তিনি আরও জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির পাশাপাশি আগামী মাসে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে। একই সঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সম্প্রতি কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।

সরকারি সূত্রে জানানো হয়, শুরুতে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং তালিকা চূড়ান্ত করতে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You