যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাংলা রিডার ডেস্ক
রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোমবার (২ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

তিনি বলেন, ঢাকার যানজট সমস্যা সমাধানে ট্রাফিক ব্যবস্থার সার্বিক সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের মতামত নিয়েছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়–এর অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হক–এর নেতৃত্বে কয়েকজন বিশেষজ্ঞ বৈঠকে অংশ নেন।

আতিকুর রহমান রুমন আরও জানান, শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–র সমাধিস্থলের সংস্কার ও উন্নয়ন নিয়েও প্রধানমন্ত্রী স্থপতিদের সঙ্গে আলোচনা করেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এবং মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ–এর সঙ্গে পৃথক বৈঠক করেছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরাও সেখানে উপস্থিত ছিলেন।

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে ১৮০ দিনের একটি কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বৈঠক শেষে অধ্যাপক শামসুল হক বলেন, আগামী ছয় মাসের মধ্যে রাজধানীতে নারী যাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। প্রাথমিক কর্মসূচির লক্ষ্য হবে গণপরিবহনকে সুশৃঙ্খল করা এবং নারীদের জন্য নিরাপদ ও আকর্ষণীয় বাসসেবা চালু করা। তিনি জানান, নারীচালক নিয়োগসহ বিশেষায়িত বাস দ্রুত চালুর বিষয়েও সরকারের আগ্রহ রয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You