
বাংলা রিডার ডেস্ক
জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান ও রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার প্রধান বিরোধীদল থেকেই নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
তিনি বলেন, এ বিষয়ে প্রধান বিরোধীদলকে প্রার্থী নির্ধারণের জন্য সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে।
সোমবার (২ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐকমত্যের ভিত্তিতে এর বাস্তবায়ন এখন থেকেই শুরু করতে চায় সরকার।
তিনি জানান, স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তুতি রাখা হয়েছে। “আমরা প্রধান বিরোধীদলকে মৌখিকভাবে প্রস্তাব করেছি, তারা যেন ডেপুটি স্পিকারের প্রার্থী নির্ধারণ করেন,”—বলেন তিনি।
সরকারি দল হিসেবে স্পিকার ও ডেপুটি স্পিকার—দুই পদেই প্রার্থী দেওয়ার সুযোগ থাকলেও রাজনৈতিক সৌহার্দ্যের স্বার্থে সরকার তা করছে না বলেও ইঙ্গিত দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদের সমঝোতায় দুটি ডেপুটি স্পিকারের পদ সৃষ্টির কথা উল্লেখ রয়েছে, যার একটি বিরোধীদল পাবে। যদিও বর্তমান কাঠামো অনুযায়ী একজন ডেপুটি স্পিকারই বিরোধীদল থেকে নির্বাচিত হবেন।
এদিকে অন্তর্বর্তী সরকারের আমলের ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী জাতীয় সংসদের প্রথম দিনেই অধ্যাদেশগুলো উপস্থাপন করতে হবে। তবে কোনগুলো গৃহীত হবে আর কোনগুলো হবে না—তা সংসদে আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে।



