
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের টায়ার-টু পর্বের খেলা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড–এর আয়োজনে রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল পৌনে ৯টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কক্সবাজার ও হবিগঞ্জ জেলা ক্রিকেট দল। সোমবারের ম্যাচে অংশ নেবে রাঙ্গামাটি ও নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থার দল।
জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, চাঁদপুর ভেন্যুতে মোট চারটি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো— কক্সবাজার, হবিগঞ্জ, রাঙ্গামাটি ও নেত্রকোনা জেলা ক্রিকেট দল।
উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দীন, ক্রীড়া সাংবাদিক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত ইকরাম, বাংলাদেশ আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিত কর রানা, হবিগঞ্জ দলের ম্যানেজার ইব্রাহিম খলিল সোহেল এবং কক্সবাজার দলের ম্যানেজার সালাউদ্দিনসহ সংশ্লিষ্ট ক্রিকেটাররা।



