
বাংলা রিডার ডেস্ক
মেগাস্টার শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘রকস্টার’-এর শুটিং শুরু হচ্ছে আগামী মাসে। তবে শুটিং শুরুর আগেই ছবিটিতে তার বিপরীতে পাকিস্তানি নায়িকা অভিনয় করতে পারেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন নির্মাতা আজমান রুশো।
সম্প্রতি গণমাধ্যমে তিনি জানান, ‘রকস্টার’ সিনেমায় পাকিস্তানি কোনো নায়িকা থাকছেন না। এ ধরনের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেও উল্লেখ করেন তিনি। রুশোর ভাষ্য, ছবিটির গল্প বাংলাদেশের এবং ভাষা বাংলা—এখানে পাকিস্তানি নায়িকা থাকার প্রশ্নই ওঠে না। শুরু থেকেই এমন কোনো পরিকল্পনা ছিল না।
এর আগে শাকিব খান এক সাক্ষাৎকারে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির–এর সঙ্গে একটি সিনেমা নিয়ে আলোচনার কথা বলেছিলেন। তবে সেটি কোন প্রজেক্ট—তা স্পষ্ট করেননি। এ প্রসঙ্গে রুশো বলেন, শাকিব খান সামনে একাধিক সিনেমায় কাজ করবেন। হয়তো অন্য কোনো প্রকল্পের বিষয়ে তিনি কথা বলেছেন। কিন্তু ‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকার কোনো সম্ভাবনা নেই।
আগামী ঈদুল আজহায় মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত এ সিনেমায় শাকিব খানকে ঢাকার এক তরুণের চরিত্রে দেখা যাবে। দেশীয় সংস্কৃতিকে কেন্দ্র করে গড়ে ওঠা গল্পে ভিন্নধর্মী উপস্থাপনায় হাজির হবেন তিনি।
উল্লেখ্য, বিজ্ঞাপন নির্মাতা হিসেবে পরিচিত আজমান রুশো এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনায় আসছেন। তার প্রথম সিনেমা ‘রকস্টার’ ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।



