
বাংলা রিডার ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছে দেশটির ফেডারেল আপিল আদালত। শুক্রবার দেওয়া এক গুরুত্বপূর্ণ রায়ে আদালত জানায়, ট্রাম্প ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট (আইইপিএ)’-এর অপব্যবহার করেছেন।
আদালতের রায়ে ট্রাম্প প্রশাসনকে বর্ধিত শুল্ক প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই রায়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ থাকবে ট্রাম্পের। রায়টি কার্যকর হবে আগামী ১৪ অক্টোবর থেকে।
১১ জন বিচারকের মধ্যে ৭ জন ট্রাম্পের শুল্কনীতি ‘অবৈধ’ ঘোষণা করেন। আদালতের ১২৭ পৃষ্ঠার রায়ের সারাংশে বলা হয়, শুল্ক আরোপ ও সংশ্লিষ্ট নীতিনির্ধারণে মূল কর্তৃত্ব কংগ্রেসের; প্রেসিডেন্টের ক্ষমতা সেখানে সীমিত। আইইপিএ আইনের আওতায় প্রেসিডেন্ট বিশেষ পরিস্থিতিতে শুল্ক আরোপ করতে পারেন, তবে তার জন্য প্রয়োজনীয় সুপারিশ ও নির্দেশনার অনুসরণ করা বাধ্যতামূলক।
আদালত আরও জানায়, ট্রাম্প প্রশাসন যেসব দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করেছিল, তার বেশিরভাগ ক্ষেত্রেই কংগ্রেসের সুপারিশ অনুসরণ করা হয়নি, যা আইন লঙ্ঘনের শামিল।
রায় ঘোষণার পর ট্রাম্প বলেছেন, এই রায় বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ‘ধ্বংস’ হয়ে যাবে। তিনি রায়টিকে ‘বিতর্কিত ও বিভক্ত’ বলে উল্লেখ করেন এবং এটিকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, “এই আদেশ আমাদের অর্থনীতিকে দুর্বল করবে। তবে আমরা মনোবল হারাব না। আমি বিশ্বাস করি, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র জয়ী হবে।”
২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ট্রাম্প। এরপর ২ এপ্রিল তিনি বিশ্বের অনেক দেশের ওপর বাড়তি রপ্তানি শুল্ক আরোপের ঘোষণা দেন।
তিনি দাবি করেন, এই পদক্ষেপের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ও বৈষম্য দূর করা।
সূত্র: বিবিসি


