একক সরকার গঠনে আশাবাদী তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক:

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন শেষে তার দল এককভাবে সরকার গঠন করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদী। ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ প্রত্যাশার কথা জানান।

সাক্ষাৎকারে তিনি নির্বাচন, তরুণ ভোটারদের ভূমিকা, নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক, দুর্নীতি, গুম-খুনের বিচারসহ নানা সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলেন।

১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে রাজনৈতিক প্রত্যাশা ও ব্যক্তিগত শোক—দুই পরিস্থিতি সামাল দেওয়াই ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ বলে জানান তারেক রহমান। দেশে ফেরার পাঁচ দিনের মাথায় তার মা বেগম খালেদা জিয়ার মৃত্যু তাকে গভীরভাবে আঘাত করে। নির্বাচনী ব্যস্ততার মধ্যেই ব্যক্তিগত শোক সামাল দিতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

নির্বাচন নিয়ে আশাবাদ

১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট প্রসঙ্গে তারেক রহমান বলেন, তারা একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছেন এবং জনগণেরও একই প্রত্যাশা রয়েছে।

তরুণ ভোটারদের লক্ষ্য করে পরিকল্পনা

প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া তরুণদের আকৃষ্ট করতে বিএনপির ইশতেহারে বিশেষ পরিকল্পনা রাখা হয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, তরুণ, প্রবীণ, প্রতিবন্ধী ও নারী—সমাজের সব শ্রেণির মানুষের জন্য কর্মসূচি প্রস্তাব করা হয়েছে। দেশ গঠনে সবাইকে নিয়ে এগোনোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হওয়া উচিত। বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হলে স্বাভাবিকভাবেই দূরত্ব তৈরি হতে পারে। একইভাবে চীনের প্রসঙ্গেও তিনি বলেন, বর্তমান বিশ্বব্যবস্থায় বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক রাখা জরুরি, তবে তা দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখেই হতে হবে।

জাতীয় সরকার প্রসঙ্গে অবস্থান

জামায়াতের সঙ্গে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, তারা জনগণের রায় পেয়ে এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী। একটি ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য কার্যকর বিরোধী দলও প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

নারীর ক্ষমতায়ন নিয়ে প্রতিশ্রুতি

নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব কম হওয়ার সমালোচনার জবাবে তিনি দীর্ঘমেয়াদি ক্ষমতায়নের ওপর গুরুত্ব দেন। শিক্ষার প্রসার ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, শিক্ষার সুযোগ আরও উচ্চস্তর পর্যন্ত সম্প্রসারণ এবং গৃহিণীদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে। নারীদের জন্য কর্মসংস্থান বৃদ্ধি, নিরাপদ যাতায়াত এবং নারী পরিচালিত পরিবহন ব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকা প্রসঙ্গে

আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেওয়ায় নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না—এমন মতের জবাবে তিনি বলেন, রাজনীতিতে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণই দেয়। জনগণ যাকে গ্রহণ করবে, তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

দুর্নীতি ও ঋণখেলাপি প্রসঙ্গ

দলের কিছু প্রার্থীর ঋণখেলাপি হওয়ার অভিযোগ প্রসঙ্গে তারেক রহমান বলেন, দুর্নীতি ও ঋণখেলাপি এক বিষয় নয়। বিগত সরকারের সময় রাজনৈতিক হয়রানি ও ব্যবসায়িক প্রতিবন্ধকতার কারণে অনেকেই আর্থিক সংকটে পড়েছেন বলে দাবি করেন তিনি।

গুম-খুনের বিচার

গত দেড় দশকে গুম ও হত্যার অভিযোগ নিয়ে তিনি বলেন, এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার হওয়া উচিত। আইন অনুযায়ী প্রত্যেক ভুক্তভোগীর বিচার পাওয়ার অধিকার রয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি এককভাবে সরকার গঠনে প্রস্তুত এবং আত্মবিশ্বাসী বলেই সাক্ষাৎকারে তুলে ধরেন দলটির চেয়ারম্যান।

বিজ্ঞাপন

Recommended For You