
বাংলা রিডার ডেস্ক
বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫’ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগের বছরের তুলনায় দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এক ধাপ অবনতি হয়েছে। ২০২৪ সালে যেখানে বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম, সেখানে ২০২৫ সালে তা নেমে এসেছে ১৩তমে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সূচকটি তৈরিতে ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
সিপিআই সূচকে দুর্নীতির ধারণার মাত্রা নির্ধারণ করা হয় ০ থেকে ১০০ স্কেলে। এর মধ্যে ০ স্কোরকে সর্বোচ্চ দুর্নীতির প্রতিফলন এবং ১০০ স্কোরকে সর্বনিম্ন দুর্নীতির সূচক হিসেবে বিবেচনা করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ ১০০-এর মধ্যে ২৪ স্কোর অর্জন করেছে। আগের বছর এই স্কোর ছিল ২৩। অর্থাৎ স্কোরের দিক থেকে এক পয়েন্ট উন্নতি হলেও অবস্থানের ক্ষেত্রে বাংলাদেশ এক ধাপ পিছিয়েছে।


