৪৫০ ড্রোন, ৭০ ক্ষেপণাস্ত্র: ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় ব্যাপক হামলা

বাংলা রিডার ডেস্ক
ইউক্রেনের পাঁচটি অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধে এর আগে দেশটির বিদ্যুৎ অবকাঠামোর ওপর এত বড় আক্রমণ হয়নি।

মঙ্গলবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, আগের দিন সোমবার রুশ বাহিনী অন্তত ৪৫০টি বিস্ফোরকবাহী ড্রোন এবং ৭০টি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইউক্রেনের পাঁচটি অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা চালায়।

সোমবার ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে কিয়েভ সফরে যান ন্যাটো মহাসচিব মার্ক রুটে। তার এই সফরের প্রতিক্রিয়াতেই রাশিয়া হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনের বেসরকারি বিদ্যুৎ পরিষেবা কোম্পানি ডিটেক এক বিবৃতিতে জানিয়েছে, সোমবারের হামলা ছিল চলতি বছরে দেশটির বিদ্যুৎ ব্যবস্থার ওপর সবচেয়ে বড় আগ্রাসন। হামলায় কোম্পানির ১০ জন কর্মচারী আহত হয়েছেন বলেও জানানো হয়।

এই হামলা এমন এক সময়ে হয়েছে, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে বৈঠক চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

টেলিগ্রাম বার্তায় জেলেনস্কি আরও বলেন, “ইউক্রেনে এখন তাপমাত্রা মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আর রাতে প্রায়ই মাইনাস ২০ ডিগ্রিতে নেমে যায়। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে ভয় ও দুর্ভোগ সৃষ্টি করতেই সোমবারের এই হামলা চালিয়েছে রাশিয়া।”

সূত্র: এএফপি

বিজ্ঞাপন

Recommended For You