ইরান গুরুত্বের সঙ্গে আলোচনা করছে, জানালেন ট্রাম্প

বাংলা রিডার ডেস্ক
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বের সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আলোচনার মাধ্যমে ইরান পারমাণবিক অস্ত্র পরিত্যাগে সম্মত হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এক সাংবাদিক ইরান বিষয়ে তার সর্বশেষ অবস্থান জানতে চাইলে শুরুতে মন্তব্য এড়িয়ে গেলেও পরে ট্রাম্প বলেন, “মধ্যপ্রাচ্যে আমরা বিপুল সামরিক সরঞ্জাম পাঠিয়েছি। আমি আশা করি তারা এমন কিছু নিয়ে আলোচনা করবে, যা আমাদের কাছে গ্রহণযোগ্য।”

এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের মন্তব্য নিয়েও তাকে প্রশ্ন করা হয়। যুক্তরাষ্ট্রে এক বৈঠকে তিনি গত শুক্রবার বলেন, ট্রাম্প যদি তার হুমকি অনুযায়ী ইরানে হামলা না চালান, তবে ইরানের সরকার আরও শক্তিশালী হয়ে উঠবে।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “অনেকে এমনটা মনে করেন, আবার অনেকে মনে করেন না।”

ইরান গুরুত্বের সঙ্গে আলোচনা করছে উল্লেখ করে তিনি আরও বলেন, “পারমাণবিক অস্ত্রবিহীন একটি সন্তোষজনক চুক্তি ইরান চাইলে করতে পারে। তাদের সেটাই করা উচিত। কিন্তু তারা করবে কি না, তা আমি জানি না। তারা আমাদের সঙ্গে আলোচনা করছে—গুরুত্বের সঙ্গে আলোচনা করছে।”

সূত্র: টাইমস অব ইসরায়েল

বিজ্ঞাপন

Recommended For You