
বাংলা রিডার ডেস্ক
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২,৮৯৫ জনে এবং আহত হয়েছেন ১,৫৮,৯২৭ জন।
শুধু গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত—ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ৭৬ জন এবং আহত ২৯৮ জন। এর মধ্যে ৬৬ জন নিহত হয়েছেন গোলাবর্ষণে এবং ১০ জন ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে, যাদের মধ্যে দুইজন শিশু। গাজায় অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১৩ জনে পৌঁছেছে, যার মধ্যে ১১৯ জনই শিশু।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যার মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৮ জন নিহত এবং ১০৬ জন আহত হন।
মে মাসের শেষ দিক থেকে এই ধরনের হামলা নিয়মিত ঘটছে। ২৭ মে থেকে এ পর্যন্ত ২,১৫৮ জন ত্রাণ নিতে গিয়ে নিহত এবং ১৫,৮৪৩ জন আহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভেতরে অতর্কিত হামলা চালায়, যেখানে ১,২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে।
এ পর্যন্ত অন্তত ১৫–২০ জন জিম্মি জীবিত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। আইডিএফ জানিয়েছে, সামরিক অভিযান চালিয়েই তাদের উদ্ধার করা হবে।
দীর্ঘ ১৫ মাস ধরে চলা সংঘর্ষের পর গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের চাপে ইসরায়েল আংশিক যুদ্ধবিরতি ঘোষণা করে।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ নির্মূল এবং সব জিম্মির মুক্তি না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
এদিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি



