গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে চাঁদপুরে ইমাম সম্মেলন

বাংলা রিডার ডেস্ক

গণভোটের প্রচার জোরদার ও ভোটারদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে চাঁদপুর জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে জেলার দুই শতাধিক ইমাম অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার গণভোটে ইমামদের ভূমিকা ও রাষ্ট্রের স্বার্থে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে ইমামদের জন্য দুটি বিষয়ের নির্দেশনা এসেছে—একটি জাতীয় নির্বাচন এবং অন্যটি গণভোট। গণভোটে সকলের অংশগ্রহণ প্রয়োজন। মুসল্লিদের উদ্দেশ্যে ‘হ্যাঁ’ ভোট থাকলে তা প্রদানে উৎসাহিত করতে বলা হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকলে তিনি শতভাগ নিরপেক্ষতা, স্বচ্ছতা ও দৃঢ়তার সঙ্গে চাঁদপুরে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চান এবং এ বিষয়ে সবার কাছে অঙ্গীকার করেন।

তিনি বলেন, অতীতে নির্বাচনে নানা সমস্যা ছিল, সে সময়ের কুসংস্কার ও নেতিবাচক ধারা পরিবর্তন করে নতুন একটি ইতিবাচক পরিবেশ গড়ে তোলা সহজ কাজ নয়। তাই সবাইকে দায়িত্বশীল হয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সেলিম সরকার।

অনুষ্ঠান শেষে দেশের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ মডেল মসজিদের খতিব মাওলানা মো. মিজানুর রহমান।

বিজ্ঞাপন

Recommended For You