
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে ১১ দলীয় জোটের এমপি প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহজাহান মিয়া দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনায় চাঁদপুর শহরের বডস্টেশন ও ৭ নম্বর ওয়ার্ডে পথসভা ও গণসংযোগ করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি বডস্টেশন যমুনা রোডসহ ৭ নম্বর ওয়ার্ডের মাছঘাট, টিকাটলী বাজার, মাদ্রাসা রোড, কাচা কলোনি, নিশি বিল্ডিং, আক্কাছ আলী রোড, বকুলতলা ও গুয়াখোলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট চান।
গণসংযোগের শুরুতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় বক্তব্য দেন আসন পরিচালক ও শহর জামায়াতের আমির এডভোকেট শাহজাহান খান এবং সেক্রেটারি বেলায়েত হোসেন। বিশিষ্ট সমাজসেবক সানাউল্লাহ কোরালীর সভাপতিত্বে ও শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজের সঞ্চালনায় আরও বক্তব্য দেন এনসিপির সদর উপজেলা আহ্বায়ক তামীম খান, ব্যবসায়ী ও সমাজসেবক শাহ আলম মিজি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আবির হোসেন।
বক্তারা বলেন, চাঁদপুর-৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এডভোকেট শাহজাহান মিয়াকে বিজয়ী করে জামায়াতের নেতৃত্বাধীন জোট সরকার গঠনে ভোটারদের ঐক্যবদ্ধ হতে হবে। তারা দাঁড়িপাল্লা প্রতীক ও ‘হ্যাঁ’ ভোটে সমর্থন জানানোর আহ্বান জানান।
এডভোকেট শাহজাহান মিয়া বলেন, আগামী ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে। ভয়ভীতি প্রদর্শনের দিন শেষ হয়েছে। জনগণ এখন সচেতন এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জীবন বাজি রেখে কাজ করতে প্রস্তুত।
তিনি আরও বলেন, চাঁদপুর পৌরসভা একটি গুরুত্বপূর্ণ জেলা সদর হলেও নদীবন্দর ও ব্যবসা-কেন্দ্রের ঐতিহ্য হারাতে বসেছে। ইলিশের রাজধানী হলেও সিন্ডিকেটের কারণে মানুষ কম দামে ইলিশ কিনতে পারছে না। শহরের যানজট ও মাদকের ভয়াবহ পরিস্থিতি নগরবাসীর জীবন দুর্বিষহ করে তুলেছে।
তিনি বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় হলে এখানে ন্যায় ও ইনসাফের শাসন প্রতিষ্ঠা হবে। দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি ও লুটপাট বন্ধ করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি গোলাম মাওলা, ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি নুর মোহাম্মদ খোকা, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মাইনুদ্দিন প্রধান, ব্যবসায়ী ও সমাজসেবক হাসান আল বান্না, সাহিত্যিক মো. হানিফুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



