নির্বাচিত হলে নবিজির ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করবো: তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে নবিজির ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। যার মালিক আল্লাহ, তা দেওয়ার ক্ষমতা অন্য কারও নেই। যারা এসব নিয়ে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, তারা শিরক করছে। নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে—নির্বাচনের পর তারা কী করবে, তা ভেবে দেখুন।”

তারেক রহমান বলেন, দেশে একটি মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। যারা আগে ভোট ডাকাতি করে দেশ ছেড়ে পালিয়েছিল, তাদের মতোই এখন ব্যালট ডাকাতির ষড়যন্ত্র চলছে। তবে ৫ আগস্ট দেশের জনগণ প্রমাণ করেছে, যেকোনো ষড়যন্ত্র তারা প্রতিহত করতে পারে।

তিনি আরও বলেন, “গত ১৫ বছরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। আমরা এই অবস্থার পরিবর্তন চাই।”

বিএনপি ক্ষমতায় গেলে কৃষক ও দেশের অর্থনীতির উন্নয়নে কাজ করা হবে জানিয়ে তিনি বলেন, “আমরা সারাদেশে খাল খনন করবো এবং কৃষকদের পাশে দাঁড়াবো। ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে আমাদের নির্বাচিত করলে আমরা কৃষকদের সহায়তা করতে পারবো।”

তিনি বলেন, “কীভাবে বাংলাদেশ একটি দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল, তা আমরা ভুলিনি। দিল্লি নয়, পিণ্ডি নয়—সবার আগে বাংলাদেশ। করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ।”

নারী ও যুবসমাজের প্রসঙ্গে তিনি বলেন, “আমরা শিক্ষিত মা-বোনদের স্বনির্ভর করতে চাই। লাখ লাখ বেকারের কর্মসংস্থান সৃষ্টি করবো, প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলবো। বিএনপি সরকার গঠন করলে গ্রাম ও শহরের সব দুস্থ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।”

তিনি সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধরী।

বিজ্ঞাপন

Recommended For You