
বাংলা রিডার ডেস্ক
সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছে বিএনপি। দলের প্রথম নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মী ও সমর্থকদের ঢলে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই সিলেট, সুনামগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কগুলোতেও বিপুল মানুষের উপস্থিতি দেখা যায়।
দুপুর ১২টার দিকে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বাস, লেগুনা ও পিকআপে করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে প্রবেশ করছেন। তাদের হাতে দলীয় প্রতীক ধানের শীষসংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে। অনেকেই বিএনপি, যুবদল ও ছাত্রদলের মনোগ্রামসংবলিত টি-শার্ট পরেছেন।
নগরের জিন্দাবাজার, চৌহাট্টা পয়েন্টসহ বিভিন্ন এলাকা থেকে মিছিলগুলো সড়ক প্রদক্ষিণ করে আলিয়া মাদরাসা মাঠের দিকে অগ্রসর হতে দেখা যায়।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশে তিন লাখ বা তার বেশি মানুষের সমাগম হতে পারে। প্রায় দুই দশক পর সিলেটে তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।



