ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের চাঁদপুর প্রেসক্লাব পরিদর্শন

বাংলা রিডার ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি নির্বাচন পর্যবেক্ষক দল চাঁদপুর সফর করেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে তারা স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাদের স্বাগত জানান প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের প্রস্তুতি, ভোটার উপস্থিতি এবং নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা সম্পর্কে পর্যবেক্ষক দলের সদস্যরা অবহিত হন।

দুই সদস্যের এই পর্যবেক্ষক দলে ছিলেন টিমপ্রধান মায়া হুরলিমান (Maja Hurlimann) এবং সদস্য লার্স প্লাগম্যান (Lars Plagman)। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মায়া হুরলিমান জানান, বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের মোট ৫৪ থেকে ৫৬ জন সদস্যের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে কাজ করছে। প্রতি দুই থেকে তিন সদস্যের টিম দোভাষীসহ বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, “আমরা চাঁদপুর ও কুমিল্লা জেলায় পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছি। মাঠপর্যায়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করব না। আমাদের সংগ্রহ করা তথ্য ঢাকায় অবস্থিত ইইউর কোর টিমের কাছে হস্তান্তর করা হবে।”

পর্যবেক্ষণের অংশ হিসেবে তারা বিভিন্ন রাজনৈতিক দলের স্টেকহোল্ডারদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানান। এছাড়া নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আরও সাত দিন বাংলাদেশে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলেও জানান প্রতিনিধি দলের সদস্যরা।

এর আগে ইইউ পর্যবেক্ষক দল জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান, চাঁদপুরের এডিসি (জেনারেল) এরশাদ উদ্দিন এবং জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি জেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন ও পুলিশ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন তারা।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জেলার পাঁচটি আসনের পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও সুন্দর রয়েছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা সবাই সহযোগিতা করছেন বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, চাঁদপুর প্রেসক্লাব সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনকে সহযোগিতা করছে এবং জনমত গঠনে ভূমিকা রাখছে। জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিতে আগ্রহী এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়।

প্রেসক্লাব পরিদর্শন উপলক্ষে ইইউ পর্যবেক্ষক দলকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি আল ইমরান শোভন, জিটিভির জেলা প্রতিনিধি রিয়াদ ফেরদৌস, এসএ টিভির জেলা প্রতিনিধি জি এম শাহীন, এখন টিভির জেলা প্রতিনিধি তালহা জুবায়ের, যমুনা টিভির জেলা প্রতিনিধি ইব্রাহীম রনি, এনটিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মুহাম্মদ ইলিয়াছ পাটাওয়ারী, বাসসের জেলা প্রতিনিধি আ. সালাম জুয়েল, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদসহ অনেকে।

মতবিনিময় শেষে প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে পর্যবেক্ষক দলটি বিদায় নেয়। জানা গেছে, চাঁদপুরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তারা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সফর করবেন।

বিজ্ঞাপন

Recommended For You