বাংলাদেশে মনোরেল চালু ও পেপাল আনার পরিকল্পনা তারেক রহমানের

বাংলা রিডার ডেস্ক
রাজধানীর বনানী সোসাইটি আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় বক্তব্য দেন তারেক রহমান/ছবি-সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এতে জলাবদ্ধতা নিরসন এবং শহরাঞ্চলের পানি নিষ্কাশন সমস্যার সমাধান সম্ভব হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের মানুষের জন্য অত্যন্ত কার্যকর ছিল। বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় খাল ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতা মারাত্মক আকার ধারণ করেছে। বিএনপি সরকার গঠন করলে এই সংকট মোকাবিলায় দেশব্যাপী নতুন করে খাল খনন করা হবে।

স্থানীয় পর্যায়ে জলাবদ্ধতা দূর করতে বিদ্যমান খালগুলোর সুরক্ষা ও সংস্কারের প্রতিশ্রুতিও দেন তিনি।

তিনি তার ‘আই হ্যাভ এ প্ল্যান’ উদ্যোগের কথা তুলে ধরে বলেন, জলাবদ্ধতা, পরিবেশদূষণ, শিক্ষা সংস্কার, যুব উন্নয়ন ও স্বাস্থ্যখাতের সংকট মোকাবিলায় একটি সুসংগঠিত ও বাস্তবভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

রাজধানীতে সবুজ কমে যাওয়ার বিষয়ে উদ্বেগ জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য বাস্তবায়ন করা হবে। এজন্য প্রতিটি উপজেলায় সরকারি-বেসরকারি নার্সারির সক্ষমতা বাড়ানো হবে এবং পরিবেশ উপযোগী বনায়নের জন্য বিশেষজ্ঞদের গবেষণার ভিত্তিতে গাছ নির্বাচন করা হয়েছে।

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন সময় এসেছে শুধু সমালোচনা নয়, বরং সংকট সমাধানে বাস্তব উদ্যোগ নেওয়ার।

ঢাকার যানজট পরিস্থিতি নিয়ে তিনি বলেন, রাজধানী থেকে বের হওয়াই এখন যুদ্ধের মতো। এ সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন জরুরি।

তিনি জানান, মেট্রোরেলের পাশাপাশি রাজধানীতে মনোরেল ব্যবস্থা চালু করা হবে এবং মোহাম্মদপুর, বনানীসহ বিভিন্ন এলাকার সঙ্গে মেট্রোরেল সংযুক্ত করা হবে। ইউরোপের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে জনপ্রতিনিধিরাও গণপরিবহন ব্যবহার করেন।

ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থার মাধ্যমে পেশাদার ক্রীড়াবিদ তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি। প্রতিটি শিক্ষার্থীর জন্য অন্তত একটি খেলাধুলা ও একটি সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষা সংস্কারের অংশ হিসেবে মাধ্যমিক পর্যায়ে তৃতীয় ভাষা চালুর কথা বলেন তিনি। বাংলা ও ইংরেজির পাশাপাশি ফরাসি, জার্মান, মান্দারিন, আরবি ও জাপানিজ ভাষা শেখার সুযোগ থাকবে।

আইটি খাত প্রসঙ্গে তারেক রহমান বলেন, পেপালের মতো আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আইটি পার্কগুলোকে কার্যকর করে সেখানে ফ্রি ওয়াইফাই ও ফ্রি ওয়ার্কিং স্পেসের ব্যবস্থা করা হবে।

স্বাস্থ্যখাতের সংকট তুলে ধরে তিনি বলেন, ঢাকায় কোনো কেন্দ্রীয় অ্যাম্বুলেন্স ব্যবস্থা নেই এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনাও দুর্বল। এতে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে।

বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, প্রতিদিন ঢাকা শহরে প্রায় ৭ হাজার টন বর্জ্য উৎপন্ন হয়। এই বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন ও রিসাইক্লিংয়ের পরিকল্পনা রয়েছে।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর আওতায় প্রস্তাবিত উদ্যোগগুলো বাস্তবায়ন করা গেলে দেশের বিভিন্ন খাতে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি দাবি করেন, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত পানি, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ও যুব কর্মসংস্থান নিয়ে তথ্যভিত্তিক সুস্পষ্ট পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি।

বিজ্ঞাপন

Recommended For You