২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, জানা গেল কে কোথায় লড়ছেন

বাংলা রিডার ডেস্ক
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতার ভিত্তিতে পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি তিনটি আসনে শিগগিরই প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে দলটি।

রোববার এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ২৭টি আসনের প্রার্থীদের নাম ও ছবি সংবলিত পোস্টার প্রকাশ করা হয়। এতে দলের প্রার্থীদের পক্ষে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট চাওয়া হয়েছে।

ঘোষিত প্রার্থীদের মধ্যে ঢাকা–১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর–৪ আসনে সদস্যসচিব আখতার হোসেন, কুমিল্লা–৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়–১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা–৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং নোয়াখালী–৬ আসনে জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া ঢাকা–১৮ আসনে আরিফুল ইসলাম আদীব, লক্ষ্মীপুর–১ আসনে মাহবুব আলম, সিরাজগঞ্জ–৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ, নরসিংদী–২ আসনে সারোয়ার তুষার, নারায়ণগঞ্জ–৪ আসনে আবদুল্লাহ আল আমিন, বান্দরবান আসনে এস এম সুজা উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে মাওলানা আশরাফ মাহদী, চট্টগ্রাম–৮ আসনে জোবাইরুল হাসান আরিফ এবং ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে মোহাম্মদ আতাউল্লাহ এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন।

আরও যাঁরা প্রার্থী হয়েছেন—দিনাজপুর–৫ আসনে মো. আবদুল আহাদ, নোয়াখালী–২ আসনে সুলতান মুহাম্মদ জাকারিয়া, ঢাকা–১৯ আসনে দিলশানা পারুল, ঢাকা–২০ আসনে নাবিলা তাসনিদ, কুড়িগ্রাম–২ আসনে আতিক মুজাহিদ, ময়মনসিংহ–১১ আসনে জাহিদুল ইসলাম, টাঙ্গাইল–৩ আসনে সাইফুল্লাহ হায়দার, ঢাকা–৯ আসনে জাবেদ রাসিন, গাজীপুর–২ আসনে আলী নাছের খান, মুন্সিগঞ্জ–২ আসনে মাজেদুল ইসলাম, পিরোজপুর–৩ আসনে শামীম হামিদী এবং নাটোর–৩ আসনে এস এম জার্জিস কাদির। তাঁরা সবাই ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানান, ২৭টি আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে এবং বাকি তিনটি আসনের প্রার্থী খুব শিগগিরই ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াত, এনসিপিসহ ১০টি রাজনৈতিক দল ২৫৩টি সংসদীয় আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেয়। যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ পর্যন্ত এই জোটে না থেকে এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নেয় এবং বাকি ৩২টি আসনে অন্যদের সমর্থনের কথা জানায়।

এই নির্বাচনী ঐক্যের শরিক হিসেবে এনসিপি ৩০টি আসনে নির্বাচন করছে, যদিও দলটির মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইসলামী আন্দোলন জোট থেকে সরে যাওয়ার পর এনসিপি আসন বাড়ানোর বিষয়ে জামায়াতের সঙ্গে আলোচনা শুরু করেছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আরও অপেক্ষা করতে হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You