প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক তারেক রহমানের

বাংলা রিডার ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে গুলশানের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টা ১১ মিনিটে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ত্যাগ করেন। এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে তিনি গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হন। ৬টা ৪৭ মিনিটে যমুনায় প্রবেশ করেন এবং অল্প সময় পর ‘সবার আগে বাংলাদেশ’ লেখা একটি বাসে করে বাসভবনের ভেতরে যান।

বিএনপি চেয়ারম্যান হিসেবে এই প্রথম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি বৈঠকে বসেন তারেক রহমান। বৈঠকে তার সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

দীর্ঘ এই বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত বিএনপি বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর ১৭ বছর পর দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন তারেক রহমান। দেশে ফেরার ২১ দিন পর এবারই প্রথম তিনি প্রধান উপদেষ্টার বাসভবনে সাক্ষাৎ করতে এলেন। যদিও এর আগে গত ৩১ ডিসেম্বর প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়েছিল।

এরও আগে, গত বছরের ১৩ জুন লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দেন, যেখানে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের সময়সূচি নির্ধারণের বিষয়টি উঠে আসে।

বিজ্ঞাপন

Recommended For You