
বাংলা রিডার ডেস্ক
আসন সমঝোতা নিয়ে গঠিত জোটের শীর্ষ নেতাদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে। তবে এই বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে শুরু হওয়া বৈঠকটি নিয়ে সংশ্লিষ্ট দলগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল।
বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদেরসহ জোটের শীর্ষ নেতারা বৈঠকে অংশ নেন।
অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ জানিয়েছেন, ওই বৈঠকে তাদের দলের কোনো প্রতিনিধি ছিলেন না। তিনি বলেন, “আজকের বৈঠকে আমাদের কেউ উপস্থিত নেই। তবে সমঝোতা নিয়ে আলোচনা চলমান রয়েছে। জোটে থাকা বা না থাকার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।”



