
বাংলা রিডার ডেস্ক
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীতে শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের সূচনা হয়। দীর্ঘদিন দেশের বাইরে অবস্থানের পর জাতীয় পত্রিকা, টেলিভিশন, রেডিও, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকরা অংশ নেন। উপস্থিত বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়।
এছাড়া বিএনপির ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব ড. হুমায়ূন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন, চেয়ারপারসনের প্রেস সচিব সালেহ শিবলী, উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম এবং চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, আমাদের সময় পত্রিকার সাবেক নির্বাহী সম্পাদক এহসান মাহমুদ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহাবুবুল আলম, রয়টার্সের সিনিয়র সাংবাদিক রুমা পল, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক ড. মাহফুজ আনাম, জাগো নিউজ ২৪.কম-এর সম্পাদক জিয়াউল হক এবং নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক দ্বীপ আজাদসহ অনেকে।
অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রায় ৩০০ থেকে ৩৫০ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী অংশ নেন।



