চার দিনের সফরে ১১ জানুয়ারি উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ জানুয়ারি চার দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরটি সম্পূর্ণভাবে ধর্মীয় ও সামাজিক কর্মসূচিকেন্দ্রিক এবং এতে নির্বাচন কমিশনের জারি করা আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করা হবে।

বিএনপি জানিয়েছে, সফরসংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হয়েছে, যাতে কোনো ধরনের বিধিভঙ্গ না হয়।

দলীয় সূত্রে প্রকাশিত সম্ভাব্য কর্মসূচি অনুযায়ী, ১১ জানুয়ারি তারেক রহমান ঢাকা থেকে যাত্রা শুরু করে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় পৌঁছাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন। ১২ জানুয়ারি বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জ হয়ে দিনাজপুরে যাবেন এবং রাতে ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট ঘুরে রংপুরে রাত্রিযাপন করবেন। সফরের শেষ দিন ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়ায় ফিরে সেখান থেকে ঢাকায় প্রত্যাবর্তনের কথা রয়েছে।

বিএনপি আরও জানিয়েছে, সফরকালে তারেক রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও মরহুমা তৈয়বা মজুমদারসহ জুলাই আন্দোলনের নিহত যোদ্ধা এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। পাশাপাশি আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বিএনপির দাবি, এই সফর রাজনৈতিক কর্মসূচির বাইরে থেকে সম্পূর্ণভাবে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

বিজ্ঞাপন

Recommended For You