
বাংলা রিডার ডেস্ক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান। এ সময় বাংলাদেশ মিশনে সংরক্ষিত শোক বইতে একটি বার্তা লেখেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী।
শোকবার্তায় রাজনাথ সিং উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানানো হচ্ছে। তিনি আরও লেখেন, ভারত–বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ভবিষ্যতেও স্মরণ করা হবে।
বাংলাদেশ হাইকমিশনে পৌঁছালে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ রাজনাথ সিংকে স্বাগত জানান।
উল্লেখ্য, এটি রাজনাথ সিংয়ের দ্বিতীয় বাংলাদেশ হাইকমিশন সফর। এর আগে ২০২১ সালের ২২ নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বাংলাদেশ মিশনে উপস্থিত ছিলেন।
২০২১ সালের ওই সফর কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করে। প্রচলিত প্রটোকলের বাইরে গিয়ে করা সেই উপস্থিতিকে তৎকালীন সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক এবং দুই দেশের সামরিক ও কূটনৈতিক সৌহার্দ্যের প্রতিফলন হিসেবে দেখা হয়েছিল।



