খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে হাসিনা কখনো মুক্তি পাবেন না

বাংলা রিডার ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা নিতে বাধা দিয়ে কার্যত ‘হত্যা করা হয়েছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এই ঘটনার দায় থেকে শেখ হাসিনা কখনোই মুক্তি পাবেন না।

বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজার আগে তার জীবন ও কর্ম তুলে ধরে দেওয়া লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন খালেদা জিয়া। কারাগারে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি বলেন, সারা দেশ জানে—হেঁটে কারাগারে প্রবেশ করেছিলেন খালেদা জিয়া, কিন্তু সেখান থেকে বের হন চরম অসুস্থ অবস্থায়।

তিনি আরও বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের মতে, পরবর্তী চার বছর গৃহবন্দি অবস্থায় তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা না দেওয়ায় তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটে। এর ফলেই একসময় মৃত্যুর কাছে হার মানতে হয় এই অপরাজেয় নেত্রীকে। তাই এ মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা কখনোই দায়মুক্তি পাবেন না বলে মন্তব্য করেন তিনি।

বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়া জনগণের কল্যাণে একের পর এক যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছিলেন। তার নেতৃত্ব ও পরিকল্পনায় বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে গিয়ে আন্তর্জাতিকভাবে ‘ইমার্জিং টাইগার’ হিসেবে পরিচিতি পায়।

এ সময় তিনি খালেদা জিয়ার জন্ম, পারিবারিক জীবন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ, তার শাহাদাতের পর রাজনৈতিক সংকটে দায়িত্ব গ্রহণ, জাতীয় নির্বাচনে বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার নানা দিক তুলে ধরেন।

বিজ্ঞাপন

Recommended For You