খালেদা জিয়ার জানাজা: সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল

বাংলা রিডার ডেস্ক
আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকার্ত মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে আসছেন প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে। সবার চোখেমুখে ফুটে উঠছে একজন সাহসী ও দেশপ্রেমিক নেত্রীকে হারানোর গভীর বেদনা।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার পর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সরেজমিনে দেখা যায়, জানাজার প্রায় পাঁচ ঘণ্টা আগেই হাজার হাজার মানুষ সেখানে অবস্থান নিয়েছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চারদিক থেকে আরও মানুষের আগমন অব্যাহত রয়েছে।

নরসিংদী থেকে আসা আমির হোসেন বলেন, “বাড়িতে থাকতে পারিনি। নিজের খরচে প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে ছুটে এসেছি।”

নারায়ণগঞ্জ থেকে আগত ফারুক আহমেদ ও শ্যামল কুমার বলেন, “এমন দেশপ্রেমিক ও সাহসী নেত্রী বাংলাদেশের ইতিহাসে আবার আসবে কি না জানি না। তাঁকে শেষ বিদায় জানাতে এসেছি।”

বুধবার দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে।

জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You