
বাংলা রিডার ডেস্ক
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁর স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হতে পারে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হতে পারে। জানাজা ও দাফনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে দলটি বলেও তিনি উল্লেখ করেন।
দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন খালেদা জিয়া। চলতি বছরের ৭ জানুয়ারি চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হলে কিছুটা উন্নতি হলেও বয়সজনিত দুর্বলতা ও একাধিক রোগের কারণে তাঁর শারীরিক অবস্থা ক্রমেই অবনতি ঘটে। প্রায়ই গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হতো।
সবশেষ গত ২৩ নভেম্বর তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর অবশেষে তিনি আর সাড়া দিতে পারেননি। মঙ্গলবার সকাল ছয়টার দিকে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
‘দেশনেত্রী’ ও ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত খালেদা জিয়ার ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।



