
বাংলা রিডার ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার (২৯ ডিসেম্বর)। এ নির্বাচনে প্রথমবারের মতো স্বাক্ষরের পরিবর্তে মনোনয়নপত্রে টিপসই দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খালেদা জিয়া এবারের নির্বাচনে তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসনগুলো হলো—বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১।
এর মধ্যে দিনাজপুর-৩ আসনে রোববার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
অন্যদিকে, খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম মনোনয়নপত্র জমা দেবেন। ফেনী-১ আসনে তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু।
এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ আসনে জেলা বিএনপির সভাপতি এবং ঢাকা-১৭ আসনে তাঁর প্রধান নির্বাচন সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম মনোনয়নপত্র জমা দেবেন।
নির্বাচন তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।



