
বাংলা রিডার ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত হাজীগঞ্জ উপজেলা থেকে ৭ জন এবং শাহরাস্তি উপজেলা থেকে ২ জন প্রার্থী নিজে বা প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করেন। আগামী সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত রয়েছে।
যেসব প্রার্থী ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তারা হলেন— বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আলী পাটওয়ারী এবং জাতীয় পার্টি মনোনীত ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী মির্জা গিয়াস উদ্দিন।
এ ছাড়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান ও ‘চেয়ার’ প্রতীকের প্রার্থী আল্লামা সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) মনোনীত ‘ছাতা’ প্রতীকের প্রার্থী ড. নেয়ামুল বশির, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত ‘আপেল’ প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান নয়ন, স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি) চেয়ারম্যান জাকির হোসেন প্রধানীয়া এবং বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন।
মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সহকারী রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।



