তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছে পোষা বিড়াল ‘জেবু’

বাংলা রিডার ডেস্ক

দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ফিরেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এ যাত্রায় তাদের সঙ্গে এসেছে পরিবারের আরেক সদস্য—পোষা বিড়াল ‘জেবু’।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৪ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ফ্লাইট থেকে তারেক রহমান ও তার পরিবার নামার সময় ট্রাভেল অ্যানিমেলের বিশেষ খাঁচায় করে জেবুকেও নামিয়ে আনা হয়।

বিদেশে অবস্থানকালে তারেক রহমানের বিভিন্ন ভার্চুয়াল বৈঠক ও ছবিতে প্রায়ই দেখা গেছে জেবুকে। এতে করে ধীরে ধীরে দেশের মানুষের কাছেও পরিচিত ও জনপ্রিয় হয়ে ওঠে বিড়ালটি।

এক সাক্ষাৎকারে জেবু সম্পর্কে তারেক রহমান বলেন, ‘বিড়ালটি মূলত আমার মেয়ের। তবে এখন সে সবারই হয়ে গেছে। আমরা সবাই ওকে খুব আদর করি।’

তিনি আরও জানান, ছোটবেলা থেকেই তাদের পরিবারে পশুপাখির প্রতি ভালোবাসা ছিল। তার ভাষায়, ‘আমি আর আমার ভাই যখন ছোট ছিলাম, তখন আমাদের একটি কুকুর ছিল। এমনকি বাসায় আম্মা হাঁস-মুরগি ও ছাগলও পালন করতেন। কবুতর ছিল, বড় খাঁচায় নানা ধরনের পাখিও ছিল। আরেকটি খাঁচায় একটি ময়নাও রাখা হয়েছিল।’

পোষা প্রাণীর প্রতি এই ভালোবাসার ধারাবাহিকতাতেই জেবু আজ তারেক রহমানের পরিবারের একজন পরিচিত সদস্য হয়ে উঠেছে বলে মনে করছেন অনেকে।

বিজ্ঞাপন

Recommended For You