
বাংলা রিডার ডেস্ক
লাল-সবুজ রঙের গাড়িবহরে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তার গাড়িবহর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে। যৌথবাহিনীর কড়া নিরাপত্তায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বহরটি।
এর আগে একই দিন সকাল ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। পারিবারিক সাক্ষাতের পর তিনি বিএনপির নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরবর্তীতে পরিবারকে বিদায় জানিয়ে লাল-সবুজ গাড়িতে ওঠেন তারেক রহমান। যৌথবাহিনীর নিরাপত্তায় তার গাড়িবহর ৩০০ ফিট এলাকার দিকে অগ্রসর হয়। এ সময় গাড়ির সামনে ও পাশে অবস্থান করা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।
এদিন সকাল ৯টা ৫৭ মিনিটে তারেক রহমান, তার স্ত্রী ও কন্যাকে বহনকারী একটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রাবিরতির পর সেখান থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
ওয়ান-ইলেভেন সরকারের সময়কার রাজনৈতিক অস্থিরতায় দেশ ছেড়ে যাওয়ার পর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান। বাংলাদেশের আকাশে প্রবেশ করেই আবেগঘন এক স্ট্যাটাসে তিনি লেখেন— “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”



