ঢাকায় পৌঁছালেন তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক
দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর রাজধানী ঢাকায় পৌঁছালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র কাওছার মাহমুদ অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন।

এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে যাত্রা শুরু করে সকাল ৯টা ৫৫ মিনিটে উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে স্বল্প সময়ের যাত্রাবিরতির পর বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে পুনরায় রওনা হয় বিমানটি।

তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২০২) ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। প্রায় ১৭ বছর পর দেশের মাটিতে ফেরার এ যাত্রায় তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিমানবন্দর থেকে তারেক রহমান লাল-সবুজে সজ্জিত একটি বিশেষ বুলেটপ্রুফ বাসে করে এভারকেয়ার হাসপাতালে যাবেন। বাসটিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সংযোজিত রয়েছে। পথে তিনি একটি সংক্ষিপ্ত সংবর্ধনা কর্মসূচিতে অংশ নেবেন।

এ উপলক্ষে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এলাকায় বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে তারেক রহমান দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহর দরবারে দোয়া করবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখান থেকে গুলশান অ্যাভিনিউয়ে ‘ফিরোজা’র পাশের ১৯৬ নম্বর বাসভবনে যাবেন।

উল্লেখ্য, ২০০৭ সালে ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান গ্রেপ্তার হন। প্রায় এক বছর কারাভোগের পর ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনে যান। এরপর দীর্ঘদিন তিনি সেখানে অবস্থান করেন।

এদিকে, দেশের আকাশসীমায় প্রবেশের পর তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লেখেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’

বিজ্ঞাপন

Recommended For You