ঢাকায় পৌঁছালেন তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক
দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর রাজধানী ঢাকায় পৌঁছালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র কাওছার মাহমুদ অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে যাত্রা শুরু করে সকাল ৯টা ৫৫ মিনিটে উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে স্বল্প সময়ের যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে পুনরায় রওনা হয় বিমানটি।

তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২০২) ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। প্রায় ১৭ বছর পর দেশের মাটিতে ফেরার এ যাত্রায় তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

এদিকে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনাকে কেন্দ্র করে বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মী জড়ো হয়েছেন। কুড়িল–বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফিট সড়ক জনস্রোতে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You