
বাংলা রিডার ডেস্ক
দীর্ঘ সতেরো বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দেশে ফেরার পর প্রথম তিন দিনের কর্মসূচির রূপরেখা তুলে ধরেছে বিএনপি।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তারেক রহমানের কর্মসূচির বিস্তারিত জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। সেখান থেকে তিনি সরাসরি জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় আয়োজিত সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন তিনি।
সংবর্ধনা শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। পরে বিমানবন্দর সড়ক হয়ে কাকলীর মোড় অতিক্রম করে গুলশান-২ নম্বরে নিজ বাসভবনে ফিরবেন। এদিন আর কোনো কর্মসূচি নেই বলে জানান সালাহউদ্দিন আহমদ।
তিনি আরও বলেন, পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তারেক রহমান প্রথমে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
সালাহউদ্দিন আহমদ জানান, শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমানের দুটি কর্মসূচি রয়েছে। এদিন তিনি জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন। এ জন্য তিনি সশরীরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যাবেন কি না, তা পরে জানানো হবে। একই দিনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর শ্যামলীতে পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের খোঁজখবর নেবেন।
এদিন আরও একটি কর্মসূচি রয়েছে, যার বিস্তারিত সময়মতো জানানো হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
এদিকে জানা গেছে, তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে দেশে ফিরছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয়ে সিলেটে যাত্রাবিরতির পর বেলা ১১টা ৫০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন।



