তীব্র শীত উপেক্ষা করে ৩০০ ফিটে রাত কাটালেন বিএনপি নেতাকর্মীরা

বাংলা রিডার ডেস্ক
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক জনসমাগম। ঐতিহাসিক এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে তীব্র শীত উপেক্ষা করেই রাতযাপন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থক।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে সরেজমিনে দেখা যায়, কুড়িল ফ্লাইওভার থেকে শুরু করে ৩০০ ফিট এলাকা পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড়। একদিন আগেই সমাবেশস্থলে অবস্থান নিতে শুরু করেন নেতাকর্মীরা। ভোর সাড়ে ৫টার দিকে তীব্র শীতের মধ্যে রাস্তার দুই পাশে অনেককে পত্রিকা বিছিয়ে বসে থাকতে দেখা যায়, কেউবা কাগজ ও কম্বল গায়ে জড়িয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছেন।

পঞ্চগড় থেকে আসা বিএনপি কর্মী আশিকুল ইসলাম বলেন, ১৭ বছর পর আমাদের নেতা দেশে ফিরছেন—এটা আমাদের জন্য আবেগের বিষয়। তাই আগেই ঢাকা এসেছি। সঙ্গে আনা কম্বল গায়ে দিয়ে রাত কাটিয়েছি। তিনি জানান, কোনো পদ-পদবি না থাকলেও দলের প্রতি ভালোবাসা থেকেই এখানে উপস্থিত হয়েছেন।

এদিকে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে সমাবেশস্থলে জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থা নেওয়া হয়েছে। মেডিকেল টিম, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে, যাতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে যে কোনো স্বাস্থ্যঝুঁকি দ্রুত মোকাবিলা করা যায়।

দলীয় নেতাকর্মীদের মতে, তারেক রহমানের দেশে ফেরা শুধু বিএনপির জন্য নয়, দেশের রাজনৈতিক অঙ্গনেও একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনা হিসেবে বিবেচিত হবে।

বিজ্ঞাপন

Recommended For You