
বাংলা রিডার ডেস্ক
যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
যাত্রাবিরতি শেষে উড়োজাহাজটি সিলেট থেকে রওনা হয়ে দুপুর পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এর আগে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২০২) ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। প্রায় ১৭ বছর পর দেশে ফেরার এই সফরে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
জানা গেছে, নির্ধারিত ফ্লাইট ছাড়ার চার ঘণ্টা আগে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে তিনি লন্ডনের বাসা থেকে বের হন এবং বিকেল ৪টা ১৫ মিনিটে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।
এই সফরে তারেক রহমানের সঙ্গে আরও রয়েছেন তার মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি ও তাবাসসুম ফারহানা।



