হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক 

লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তিনি লন্ডনের বাসা থেকে বের হয়ে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।

তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখানে তাকে স্বাগত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

তারেক রহমানের দেশে ফেরা ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রবাসে দীর্ঘ সময় কাটানোর পর তার স্বদেশ প্রত্যাবর্তনকে বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখছেন দলের শীর্ষ নেতারা।

দেশে ফিরে প্রথম বক্তব্য দেওয়ার কথা থাকা পূর্বাচল এলাকা ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি সুশৃঙ্খল আয়োজন নিশ্চিত করতে কাজ করছেন দলের স্বেচ্ছাসেবকরাও।

সূত্র জানায়, দেশে পৌঁছে তারেক রহমান প্রথমে তার মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। পথে তিনি পূর্বাচল সংলগ্ন ৩০০ ফিট সড়ক (জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে) এলাকায় এক সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন।

এই সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতিও পেয়েছে বিএনপি। মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে দলের শীর্ষ নেতারা দফায় দফায় অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, বিতর্কিত ‘ওয়ান-ইলেভেন’ সরকারের সময় তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারামুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি এবং দীর্ঘদিন সেখানেই অবস্থান করেন। যদিও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান একাধিকবার দেশে ফিরেছেন, এতদিন তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

Recommended For You