খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি, অবস্থা আশঙ্কাজনক

বাংলা রিডার ডেস্ক

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিক শক্তি-এর বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতুও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তথ্যটি জানান।

গুলিবিদ্ধ মোতালেব শিকদার সোনাডাঙ্গার শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার বাসিন্দা এবং মৃত মোসলেম শিকদারের ছেলে।

এনসিপির খুলনা জেলা ও মহানগর সংগঠক সাজিদুল ইসলাম বাপ্পি জানান, সোনাডাঙ্গা এলাকায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, খুলনা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে গোলাগুলি ও সহিংসতার ঘটনা বেড়েছে, নদীতে লাশ পাওয়ার ঘটনাও ঘটছে। প্রশাসনের নিষ্ক্রিয়তায় সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে বলে তিনি অভিযোগ করেন।

সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, সোনাডাঙ্গা সার্জিক্যাল ক্লিনিকের আশপাশে মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ঘটনার তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

Recommended For You