গ্রিসে উদ্ধার ৫৩৯ অভিবাসী, ৪৩৭ জন বাংলাদেশি

বাংলা রিডার ডেস্ক

গ্রিসের গাভদোস উপকূলের কাছে একটি মাছ ধরার নৌকা থেকে ৫৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। উদ্ধারকৃতদের মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে স্থানীয় লিমেনার্কিও কর্তৃপক্ষ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে আগিয়া গ্যালিনির দক্ষিণে সমুদ্র থেকে তাদের উদ্ধার করা হয়। পরে অভিবাসীদের রেথিম্নোর কিত্রেনোসি ভবনে নেওয়া হয়, যেখানে হেলেনিক কোস্ট গার্ডের তত্ত্বাবধানে নিবন্ধন ও পরিচয় শনাক্তকরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে চারজন নারী ও দুইজন অপ্রাপ্তবয়স্ক শিশু রয়েছে। বাকিদের অধিকাংশই পুরুষ।

রেথিম্নোর কোস্ট গার্ড প্রধান কিরিয়াকোস পাত্তাকোস বলেন, নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে। এখন মানবপাচার চক্র শনাক্ত করা এবং অভিবাসীদের দ্রুত অন্যত্র স্থানান্তর করাই প্রধান লক্ষ্য।

রেথিম্নো পৌরসভার উপ-মেয়র (নাগরিক সুরক্ষা) ইয়োরগোস স্কোরদিলিস জানান, এত বিপুলসংখ্যক অভিবাসী সামাল দেওয়ার মতো পর্যাপ্ত অবকাঠামো রেথিম্নোর নেই। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয়ের অভাবে স্থানীয় প্রশাসন চাপের মুখে পড়েছে।

কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, সোমবার ৩০০ জন অভিবাসী স্থানান্তর করা হবে এবং বাকিদের পরবর্তী সপ্তাহে অন্যত্র পাঠানো হবে।

উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে রয়েছেন ৪৩৭ জন বাংলাদেশি, ৪৬ জন পাকিস্তানি, ৩৪ জন মিশরীয়, ১২ জন ইরিত্রিয়ান (এর মধ্যে চার নারী ও দুই শিশু), পাঁচজন সোমালিয়ান, দুইজন সুদানি, দুইজন ইয়েমেনি ও একজন ফিলিস্তিনি।

কর্তৃপক্ষের ধারণা, অভিবাসীরা লিবিয়ার পূর্বাঞ্চল থেকে পাচারকারীদের সহায়তায় অন্তত ৩৬ ঘণ্টার ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা করে গ্রিসে পৌঁছান।

এ বিষয়ে গ্রিসে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা জানান, ঘটনাটি সম্পর্কে তারা এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাননি।

বিজ্ঞাপন

Recommended For You