
বাংলা রিডার ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন ছাত্র-জনতা। বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে এবং ব্যক্তিগত উদ্যোগে শাহবাগে আসছেন তারা। হাতে জাতীয় পতাকা, মুখে প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত হয়ে উঠছে এলাকা।
‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এমন স্লোগানে ক্ষোভ প্রকাশ করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শাহবাগে মানুষের ঢল নামছে।
শনিরআখড়া থেকে আসা মাদ্রাসা শিক্ষার্থী আশফাকুর রহমান বলেন, “আমরা একজন প্রকৃত দেশপ্রেমিককে হারিয়েছি। সারারাত ঘুমাতে পারিনি। প্রতিবাদ জানাতেই ভোরে শাহবাগে চলে এসেছি। এমন সাহসী মানুষকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।”
রামপুরা থেকে আসা ইমরুল কায়েস বলেন, “ওসমান হাদির মৃত্যু পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। আমরা এই শোককে শক্তিতে পরিণত করব। হাদি ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।”
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ শরিফ ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে রাতেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আততায়ীর গুলিতে গুরুতর আহত হন। গুলিটি তার মাথায় লাগে। প্রথমে ঢাকায় এবং পরে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তার মৃত্যুকে কেন্দ্র করে রাজধানী ঢাকা বর্তমানে উত্তাল ও থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।



