খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি

বাংলা রিডার ডেস্ক

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতির দিকে। মেডিকেল বোর্ডের ঘনিষ্ঠ তত্ত্বাবধানে তিনি কেবিনে চিকিৎসা নিচ্ছেন। সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে শঙ্কামুক্ত বলে জানা গেছে।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবে চলছে এবং তার অবস্থার উন্নতি হচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও এ তথ্য নিশ্চিত করেন।

বিএনপি সূত্র জানায়, লন্ডন থেকে তার ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান নিয়মিত তার শারীরিক অবস্থার খোঁজ রাখছেন। ঢাকায় তার পাশে রয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

গত রোববার রাত ৮টার দিকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। নিয়মিতই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয়। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং ১১৭ দিন থাকার পর ৬ মে দেশে ফেরেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী–১সহ মোট তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে তার।

বিজ্ঞাপন

Recommended For You