ফেব্রুয়ারি মাসের নির্বাচন হবে গণতন্ত্র ফিরিয়ে আনার নির্বাচন — ড. আবদুল মঈন খান

বাংলা রিডার ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সে নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। তিনি বলেন, “এখানে এসে যে দৃশ্য দেখছি—এ দেশের সাধারণ মানুষ নির্বাচন চায়, গণতন্ত্র চায়। এ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরী তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করবেন।”

শনিবার বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচারণামূলক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান আরও বলেন, “গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। আমি বলতে চাই, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ১৮ বছর বয়সী প্রতিটি যুবকসহ সবাই ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবেন। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও দিনের ভোট রাতে নিয়ে জোর করে ক্ষমতায় ছিল। এখন দেশের মানুষ নির্বাচনমুখী। যারা বিভিন্ন দাবি তুলে নির্বাচন বানচালের চেষ্টা করছে, মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।”

তিনি অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ সরকারের সময়ে মিথ্যা মামলা, হামলা, গুম, হত্যা ও নির্যাতনে দেশের ১৮ কোটি মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা কা–পুরুষের মতো দেশ ছেড়ে পালিয়েছে।”

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন।

উপজেলা বিএনপির সভাপতি মো. খাইরুল আবেদীন স্বপনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান ও কচুয়া উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজীর যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ নেসারুল হক এবং ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম মজুমদার, বিএনপি নেতা মামুনুর রশিদ মোল্লা, কচুয়া পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ, উপজেলা যুবদলের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন আজাদ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা।

দীর্ঘদিন পর কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে বিএনপির এমন জনসভাকে ঘিরে দুপুর থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হন। ফলে পুরো মাঠ জনস্রোতে পরিণত হয়।

বিজ্ঞাপন

Recommended For You