
চাঁদপুর রামপুরে শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগে উৎসবমুখর পরিবেশ
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে বৃহস্পতিবার (২০ নভেম্বর) ধানের শীষের সমর্থনে দিনব্যাপী গণসংযোগ অনুষ্ঠিত হয়। সকাল ৭টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ প্রচারণায় ব্যাপক জনসমাগমে পুরো ইউনিয়ন উৎসবমুখর হয়ে ওঠে। গণসংযোগে নেতৃত্ব দেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
বেপারী বাড়ি থেকে যাত্রা শুরু করে তিনি তালুকদার বাড়ি, পাঁচগাও, সকদি পাঁচগাও খান বাড়ি, আলগী পাচগাঁও, আলগী পোলের গোড়া, আলগী মিজি বাড়ি, ছোট সুন্দর বাজার, দেবপুর বাজার ও বড় সুন্দরসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে গিয়ে মানুষের খোঁজখবর নেন এবং ধানের শীষে ভোট চান।
দিনভর বিভিন্ন স্থানে নারী-পুরুষ, যুবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বাড়ির দরজা খুলে বহু পরিবার তাকে স্বাগত জানায়, শিশুরা হাত নেড়ে শুভেচ্ছা জানায় এবং নারী-পুরুষ রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তার প্রতি সমর্থন প্রকাশ করেন।
গণসংযোগে বক্তব্য দিতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে জনগণের সেবা করার সুযোগ দিতে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান। তিনি বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও চিকিৎসা সহায়তাসহ প্রয়োজনীয় সব সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন।
এ সময় তিনি আরও বলেন, দলীয় নীতি অনুযায়ী সরকার গঠিত হলে প্রতিটি পরিবারে বিশেষ ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য কম দামে পাওয়া যাবে।
গণসংযোগ ঘিরে সারাদিন বিভিন্ন স্থানে স্লোগান, মিছিল ও জনসমাগম লক্ষ্য করা যায়। জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী এতে অংশ নেন। উপস্থিতদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, ডি. এম. শাহাজাহান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।
স্থানীয়রা জানান, শেখ ফরিদ আহমেদ মানিক দীর্ঘদিন ধরে জনগণের পাশে আছেন এবং এবারও তার প্রতি মানুষের দৃঢ় সমর্থন দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রামপুর ইউনিয়নে ব্যাপক সাড়া লক্ষ্য করায় চাঁদপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে ইতিবাচক পরিবেশ তৈরি হচ্ছে।



