
বাংলা রিডার ডেস্ক
অনলাইন ও অফলাইনে নারীদের সুরক্ষা নিশ্চিত করতে বিএনপি পাঁচটি জরুরি অগ্রাধিকার বাস্তবায়নে কাজ করবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।
পোস্টে তারেক রহমান বলেন, ডিজিটাল যুগ মানুষের জীবনযাত্রা সম্পূর্ণ বদলে দিয়েছে। প্রযুক্তির বিকাশ যেমন সুযোগ বাড়িয়েছে, তেমনি নতুন হুমকিও তৈরি করেছে। “মাঝে মাঝে আমার স্ত্রী ও আমি ভাবি—আমাদের বড় হওয়া আর আমাদের মেয়ের বেড়ে ওঠার পৃথিবী কতটা ভিন্ন। আজকের বাবা-মায়েরা যেমন আশা রাখেন, তেমনি উদ্বেগও বোধ করেন,” লিখেছেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশ এগোতে চাইলে নারীকে ভয় ও নিরাপত্তাহীনতার মধ্যে বাঁচতে দেওয়া যায় না। প্রতিদিন অনেক নারী শুধু কথা বলা, কাজ করা, পড়াশোনা করা বা স্বাধীনভাবে চলাচলের কারণে হয়রানি ও সহিংসতার মুখোমুখি হন। “এটা সেই বাংলাদেশ নয়, যার আমরা স্বপ্ন দেখি,”—যোগ করেন তারেক রহমান।
তিনি জানান, নারীদের অনলাইন-অফলাইন উভয় ক্ষেত্রেই সুরক্ষিত বোধ করার মতো পরিবেশ তৈরি করতেই বিএনপি পাঁচটি অগ্রাধিকারের পরিকল্পনা নিয়েছে।
বিএনপির প্রস্তাবিত নারীদের সুরক্ষার পাঁচ অগ্রাধিকার
১. জাতীয় অনলাইন সুরক্ষা ব্যবস্থা
সাইবার বুলিং, হুমকি, ব্যক্তিগত তথ্য ফাঁস—এসব ঘটনায় নারীরা সহজে অভিযোগ জানাতে পারবেন।
থাকবে ২৪/৭ হটলাইন, অনলাইন পোর্টাল ও প্রশিক্ষিত কর্মী।
২. জনজীবনে নারীদের সুরক্ষা প্রোটোকল
সাংবাদিক, শ্রমিক, শিক্ষার্থী বা কমিউনিটি নেতা—যে নারীই আক্রমণের শিকার হোন না কেন, স্পষ্ট জাতীয় নির্দেশিকা ও দ্রুত আইনি ও ডিজিটাল সহায়তা পাওয়া যাবে।
জনজীবনে অংশগ্রহণের জন্য কোনো নারীকে চুপ করে রাখা উচিত নয়।
৩. ডিজিটাল নিরাপত্তা শিক্ষা
স্কুল–বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশনের সময় ব্যবহারিক ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ।
প্রশিক্ষিত শিক্ষকরা হবেন ‘নিরাপত্তা কেন্দ্রবিন্দু’।
বার্ষিক সচেতনতা কর্মসূচি তরুণদের নিরাপদ ডিজিটাল ব্যবহারে উৎসাহিত করবে।
৪. কমিউনিটি–স্তরে সহিংসতা প্রতিরোধ ব্যবস্থা
কমিউনিটি হেল্পডেস্ক, নিরাপদ পরিবহন রুট, উন্নত রাস্তার আলো।
নারীদের সহায়তায় ট্রমা–সংবেদনশীল প্রতিক্রিয়াশীল দল।
৫. নেতৃত্বে নারীর অংশগ্রহণ বৃদ্ধি
নেতৃত্ব প্রশিক্ষণ, পরামর্শক নেটওয়ার্ক এবং শিক্ষা–কর্মক্ষেত্রে নারীদের নেতৃত্বে উৎসাহ।
“নারীরা এগোলে পুরো জাতি এগিয়ে যায়”—মন্তব্য তারেক রহমানের।
তারেক রহমান বলেন, রাজনৈতিক মতাদর্শ যা-ই হোক, নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়নের বিষয়ে জাতির একসঙ্গে কাজ করতে হবে। “আমাদের কন্যা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী, নিরাপদ বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য,”—তিনি যোগ করেন।



