চাঁদপুর তরপুরচন্ডীতে ধানের শীষের গণসংযোগে শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর রিডার ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করে আলোচনায় আসেন চাঁদপুর–৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে বুধবার (১৯ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।

খন্দকার বাড়ি মোড় থেকে যাত্রা শুরু হওয়া এই কর্মসূচি দ্রুতই পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে। গাজী বাড়ি, সর্দার বাড়ি, চাঁন গাজী বাড়ি, খান বাড়ি, বন্ধুকসী বাড়ি, জিলম গাজী বাড়িসহ বিভিন্ন এলাকায় জনতার ঢল, স্লোগান ও উচ্ছ্বাসে পুরো ইউনিয়ন প্রাণবন্ত হয়ে ওঠে। নারী–পুরুষ, যুবক–বৃদ্ধসহ সর্বস্তরের মানুষ ধানের শীষের পক্ষে স্লোগানে অংশ নেন।

গণসংযোগে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “আপনাদের ভালোবাসা আমাকে নতুন শক্তি দিয়েছে। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিলে ঘরে ঘরে উন্নয়ন, সেবা ও অধিকার পৌঁছে দেওয়া হবে। বয়স্ক ভাতা, ভিজিডি, বন্যাকালীন সহায়তাসহ সরকারি সুবিধা সহজে প্রাপ্তি নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, “তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের প্রতিটি পরিবার একটি ফ্যামিলি কার্ড পাবে। নারীদের নামে দেওয়া এই কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য কম মূল্যে কেনা যাবে—যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য বড় সহায়তা হবে।”

গণসংযোগে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতা–কর্মী অংশ নেন। তাদের উপস্থিতিতে পুরো এলাকায় প্রাণবন্ত রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিতদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, অ্যাড. জসিম মেহেদী, কাজী জাহাঙ্গীর আলম মিন্টুসহ আরও অনেকে।

স্থানীয়রা জানান, এই ইউনিয়নে ধানের শীষের প্রতি মানুষের সমর্থন এবার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তাদের বিশ্বাস, শেখ ফরিদ আহমেদ মানিক এবার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে এগিয়ে রয়েছেন।

দিনব্যাপী এই গণসংযোগ তরপুরচন্ডী ইউনিয়নে নির্বাচনী উত্তাপ, আশা এবং পরিবর্তনের বার্তা বয়ে আনে।

বিজ্ঞাপন

Recommended For You