
বাংলা রিডার ডেস্ক
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের (ইআরআই) চেয়ারম্যান ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের উন্নয়নে চাহিদাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। তার মতে, শিক্ষা জাতির সবচেয়ে বড় সম্পদ, আর ভালো শিক্ষা একজন মানুষকে তার পরিবার ও সমাজসহ পুরো জীবন বদলে দেওয়ার ক্ষমতা দেয়। কারিকুলাম উন্নয়ন ও কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে শিক্ষার্থীরা সৎ, দক্ষ ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
বৃহস্পতিবার চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে ‘বাংলাদেশের চাহিদাভিত্তিক শিক্ষা, সমস্যা ও সম্ভাবনা এবং জেন-জি সম্মেলন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিলন বলেন, একসময় পরীক্ষায় নকল ছিল ব্যাপক; সে সময় কঠোর অবস্থান নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সরকার শিক্ষাব্যবস্থাকে অবনতির দিকে ঠেলে দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি মো. মামুনুর রশিদ মোল্লা। বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এম আতিকুর রহমান, বাংলাদেশ আনসার ও ভিডিপির পরিচালক মো. মাইনুল আলম মজুমদার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিবহন নিয়ন্ত্রক মো. মজিবুর রহমান মিয়াজী, জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর এএসপি নবীর হোসেন, কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হকসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক–শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



